


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে ভরতি বেলেঘাটার বাসিন্দা এক কিশোরের (১৭) অঙ্গদান স্মরণীয় হয়ে রইল। আকাশ আঢ্যি নামের ওই কিশোর গত ২০ আগস্ট রাজারহাট-নিউটাউনে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে আর জি কর ট্রমা সেন্টার এবং সেখান থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মস্তিষ্কের মৃত্যু হয় কিশোরের। তার বাবা দেবাশিস আঢ্যি শনিবার বলেন, সন্তানকে হারিয়েছি। এর থেকে বড়ো ক্ষতি আর কিছু হতে পারে না। পাশাপাশি এটাও বুঝেছি, যদি ছেলের অঙ্গ আরও পাঁচজনকে নবজীবন দিতে পারে, এই কঠিন পরিস্থিতিতে এটাই সব থেকে বড়ো পাওনা। তাই এই অঙ্গদানের সিদ্ধান্ত।
শনিবার আকাশের দু’টি কিডনি, দু’টি কর্নিয়া এবং ত্বকদানের প্রক্রিয়া চলে। একটি কিডনি পান পিজি হাসপাতালের ২৮ বছরের এক রোগী, অন্যটি পান একটি বেসরকারি হাসপাতালের রোগী। ত্বকদান করা হয় পিজি হাসপাতালে।