


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানা ও মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। আজ, মঙ্গলবার বিকেলে জিয়াগঞ্জ থানার অন্তর্গত মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রাস্তা থেকে আটক করা হয় দুই সন্দেহভাজন ব্যক্তিকে। ধৃতদের নাম খালেক শেখ ও সুরজ মণ্ডল। খালেক মালদহেরর বৈষ্ণবনগর থানার চঘোরিয়া এলাকার বাসিন্দা এবং সুরজ ঠাকুরদাস মণ্ডলপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাওয়া ব্যাগ এবং তাঁদের পোশাকে তল্লাশি চালিয়ে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৩৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসওজি মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ থানার একটি যৌথ দল গোপন খবরের ভিত্তিতে মুকুন্দবাগ এলাকার ওই রাস্তায় ওঁত পেতে ছিল। সেখানে দুই ব্যক্তির চালচলনে সন্দেহ হলে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ এই অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং এর পেছনে বড় কোনো অস্ত্র পাচার চক্র যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার সচিন মক্কার বলেন, মালদহের দিক থেকে অস্ত্র নিয়ে আসা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে এসওজি ও জিয়াগঞ্জ থানার পুলিশ অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে।