


নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছিলেন পাকিস্তানের সাংসদ আসাদ কাইজার। আচমকা তাঁর বিমান বাতিল হয়ে যায়। এরপরে ভারত ও মার্কিন যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হলেও বাদ পড়েন পাকিস্তানিরা। এমন অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার। বিষয়টি নিয়ে পাকিস্তানের তরফে কূটনৈতিক স্তরে আমিরশাহি সরকারের সঙ্গে আলোচনারও দাবি তুলেছেন তিনি। কাইজারের বক্তব্য, আমেরিকা-ইরান সংঘাত ঠেকাতে পাকিস্তান অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছে। সেই সময় এধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।
পিটিআই সাংসদের কথায়, ‘আমি নিজেই যাত্রী ছিলাম। আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচারণ করা হয়েছে। বিমান বাতিল হয়ে গিয়েছিল। তাই থাকার জন্য হোটেল চাওয়া হয়েছিল। কিন্তু, পাকিস্তানিদের সেই সুযোগ দেয়নি কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়, শুধু ভারত ও আমেরিকার পাসপোর্ট থাকা ব্যক্তিরাই হোটেলে থাকার সুবিধা পাবেন। ভাতৃপ্রতিম ইসলামিক দেশে পাকিস্তানিদের প্রতি এহেন আচরণ অপ্রত্যাশিত। এর প্রতিবাদ করেছি।’
আসাদ কাইজার। -ফাইল চিত্র