


আক্রা: ঘানা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলে ফিরছিলেন বেরেকুম চেলসির ফুটবলাররা। টিম বাস ঘিরে ধরে একদল দুষ্কৃতি। সূত্রের খবর বাস থামাতে এলোপাথাড়ি গুলি চালায় ডাকাতদল। গুলিবিদ্ধ হন ডমিনিক ফ্রিমপং নামের এক ফুটবলার। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এমন ঘটনায় উত্তাল ঘানার ফুটবল মহল। জানা যাচ্ছে, সামারটেক্সের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলতে সামরেবোইয়ে শহরে গিয়েছিল বেরেকুম চেলসি। ফেরার পথে ডাকাতদের খপ্পরে পড়ে টিম বাস। বিপদ আঁচ করে বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে লাভ হয়নি। বরং গুলি চালাতে শুরু করে দুষ্কৃতিরা। প্রাণ বাঁচাতে কোনোরকমে একটি ঝোপে আশ্রয় নেন কয়েক জন সাপোর্ট স্টাফ ও ফুটবলার। সেখানেই গুলিবদ্ধ হন ডমিনিক। ২০ বছরের তরুণ উইং হাফের অকাল প্রয়াণে শোকের ছায়া বিশ্ব ফুটবলে। কার্যত বাকরুদ্ধ বেরেকুম চেলসি টিম ম্যানেজমেন্ট।