


সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: টি-২০ ফরম্যাট মানেই বিপজ্জনক ওয়েস্ট ইন্ডিজ। এবার ড্যারেন সামির কোচিংয়ে দুরন্ত ফর্মেও রয়েছে ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতে দাপটে সুপার এইটে পা রেখেছেন শাই হোপরা। বৃহস্পতিবার ইডেনে শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে বশ মানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ান-ব্রিগেড তোলে ৬ উইকেটে ১৬৫। সৌজন্যে ক্যাপ্টেন শাই হোপের ৭৫ রানের দুরন্ত ইনিংস। জবাবে ১৮ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় ইতালি। সেই সঙ্গে মাত্র একটি জয় নিয়ে অভিষেক বিশ্বকাপে অভিযান শেষ করল আজ্জুরিরা।
অবশ্য অ্যাসোসিয়েট দেশ ইতালির বিরুদ্ধে হোপদের জয় প্রত্যাশিতই ছিল। তাই এদিন ইডেনের উইকেট ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার তাগিদ বেশি ছিল ওয়েস্ট ইন্ডিজের। কারণ, সুপার এইটে আগামী ১ মার্চ এই মাঠেই ভারতের বিরুদ্ধে খেলবে তারা। বৃহস্পতিবার ম্যাচের পর মিক্সড জোনে এসে সে কথা জানালেন ফর্মে থাকা অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি। তার আগে ইডেনে দু’টি ম্যাচ খেলার সুবিধা নিশ্চিতভাবে কাজে লাগবে। তবে এখানে আমরা দিনের বেলায় খেলেছি। ভারতের ম্যাচটা রাতে হবে। আশা করি, হাউসফুলও থাকবে। তাই চ্যালেঞ্জটা ভিন্ন।’ একটু থেমে আত্মবিশ্বাসী সুরে তাঁর সংযোজন, ‘কোচ ড্যারেন সামি সর্বদাই বলেন, নিজেদের ইতিহাস নিজেরা তৈরি করো। উনি দু’টি বিশ্বকাপ জিতেছেন। ওয়েস্ট ইন্ডিজের গরিমা ফেরানোই লক্ষ্য। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে চাই।’