


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যুদ্ধ নয়। ‘উচিত শিক্ষা’ দিতেই পাকিস্তানকে প্রত্যাঘাত। বিশ্বের দরবারে এই মর্মে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় সাংসদদের সর্বদলীয় সফর। উদ্দেশ্য একটাই, পাকিস্তানকে একঘরে করা। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুরে’র সাফল্য প্রচার। বিশ্বের ৩৩টি দেশের কূটনৈতিক, সরকারি অফিসার, সাংসদ, সমাজসেবী, বিদ্বজনদের কাছে ভারতের সাফল্য তুলে ধরা হবে। ভারতীয় প্রতিনিধিরা বিদেশে গিয়ে কী বলবেন, তার খসড়া মঙ্গলবার জানাল বিদেশমন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিস্রি এদিন সংসদ ভবনের ‘সমন্বয়-২’ কক্ষে তাঁদের পাঠ পড়ান।
আমেরিকার মধ্যস্থতা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের টুইট, ভারতের যুদ্ধবিমান ধ্বংসে পাকিস্তানের দাবির মতো প্রশ্নের মুখে পড়লে বিদেশে কী বলতে হবে, তাও বুঝিয়ে দেন বিদেশ সচিব। বৈঠকের পর প্রাক্তন বিদেশমন্ত্রী কংগ্রেসের সলমন খুরশিদ থেকে শুরু করে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেডির সস্মিত পাত্রর মতো প্রতিনিধিদলের সদস্যরা এক সুরে বলেন, সংঘর্ষবিরতি চেয়ে পাকিস্তানই প্রথম ভারতের ডিজিএমও’কে ফোন করেছিল। ট্রাম্পের কোনও ভূমিকা নেই। আর ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়ে থাকলে পাকিস্তান তার প্রমাণ দিক। তাঁরা বলেন, দেশের প্রতিনিধিত্ব করতেই বিদেশ যাচ্ছি। ঘরোয়া রাজনীতি আপাতত শিকেয়। ঘটনা হল, সরকার প্রথমে প্রতিনিধিদলে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা’র নেতৃত্বে ন’জনের টিমে তৃণমূলের ইউসুফ পাঠানকে বেছেছিল। কিন্তু প্রবল আপত্তি জানান মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, প্রতিনিধিদলে কে যাবেন, তা সরকার ঠিক করার কে? দল ঠিক করবে। ইউসুফকে দল পাঠাচ্ছে না বলেই জানিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিপাকে পড়ে মোদি সরকার। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। রাজনৈতিক সূত্রে খবর, উদ্ধবপন্থী শিবসেনার থেকে দলের অনুমতি ছাড়াই প্রিয়াঙ্কা চতুর্বেদিকে প্রতিনিধিদলে বেছে নেয় মোদি সরকার। যা নিয়ে ক্ষুব্ধ উদ্বব থ্যাকারে। তাই তাঁর মন গলাতে শারদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলের পরামর্শ মতো রিজিজু উদ্ধবকেও ফোন করেন। তখন উদ্ধব আবার রিজিজুকে বলেন, মমতাজির সঙ্গেও একবার কথা বলে নিও। সেই মতো রিজিজু ফোন করেন তৃণমূল সুপ্রিমোকে। তখনই তিনি জানিয়ে দেন, তৃণমূল থেকে প্রতিনিধিত্ব করবে অভিষেক। অভিষেক যে প্রতিনিধিদলে রয়েছেন, তাঁরা যাবে পাঁচটি দেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর। আজ বেলা পৌনে বারোটায় দিল্লি থেকে উড়ান। অথচ সঙ্গে পাসপোর্ট নিয়ে আসেননি অভিষেক। তাই মঙ্গলবার বিকালে কলকাতা ফিরে গিয়ে আজ সকালেই আবার দিল্লি আসবেন। ফাইল চিত্র