


নয়াদিল্লি: রায়ন উইলিয়ামসের পর অবনীত ভারতী। দ্বিতীয় ভিনদেশি ফুটবলার হিসেবে তিনি ডাক পেলেন জাতীয় শিবিরে। বুধবার ফেডারেশনের তরফ থেকে নেপালে জন্ম ২৭ বছরের এই সেন্টার ব্যাকের নাম ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ কোচিতে হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত। তার আগে চলছে জাতীয় শিবির। কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে অনুশীলনে এদিন যোগ দেন অবনীত। উল্লেখ্য, ২০২০-২১ মরশুমে আইএসএলের দল কেরল ব্লাস্টার্সে সই করেন তিনি। তবে তারপর তিনি চলে যান বিদেশে। স্পেন, আর্জেন্তিনা, চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় ডিভিশনের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতীয় শিবিরে যোগ দিলেও ফিফার আন্তর্জাতিক ক্লিয়ারেন্স হাতে পাননি অবনীত। এর আগে ২০২৫ সালেও ডাক পেয়েছিলেন তিনি। উল্লেখ্য, নিয়মরক্ষার হলেও এই ম্যাচের উপর নির্ভর করবে ফিফা র্যাংকিং।