


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেনিয়াপুকুরে ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম গ্যাব্রিয়েল জোনাস গোমজ (৮৫)। স্থানীয় সূত্রে খবর, তিনি বায়ুসেনার আধিকারিক পদে কর্মরত ছিলেন। অবসরের পর মল্লিকবাজারে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেন বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ আবাসনের বাইরে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। গ্রাউন্ড ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বৃদ্ধের এক ছেলে ও বউমা রয়েছে। তাঁরা অন্যত্র থাকেন। এ জে সি বোস রোডের ফ্ল্যাটে বৃদ্ধ একা থাকতেন। দেখাশোনার জন্য একজন মহিলা রয়েছেন। তাঁর নাম সুস্মিতা অধিকারী। প্রতিদিন সকাল ৯টায় আসেন তিনি। রাত ৮টা পর্যন্ত পরিচারিকার ডিউটি। রাতেই ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে যান সুস্মিতা। মঙ্গলবার রাতেও দরজায় তালা দিয়ে বাড়ি চলে যান তিনি। পুলিশ গিয়ে দেখে, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ। বারান্দার টব উলটে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বারান্দা থেকে ঝাঁপ দিয়ে থাকতে পারেন বৃদ্ধ। যদিও ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতের পরিবারের সদস্যদের খবর দেয় পুলিশ। তাদের তরফে অবশ্য বেনিয়াপুকুর থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।