


নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি আজমল কাসবের তুলনা! রাহুল গান্ধীর ছবি ব্যবহার করে কুত্সার অভিযোগ উঠল বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট অনুপ ভার্মার বিরুদ্ধে। বাঁদিকে রাহুল ও ডানদিকে একে-৪৭ হাতে কাসবের ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, বাঁদিকের ব্যক্তিটি ভারতের জন্য অনেক বেশি বিপজ্জনক।’ বিষয়টি ‘ভাইরাল’ হতেই ব্যাপক বিতর্ক ছড়ায়। কংগ্রেস সেবাদলের তরফে ইতিমধ্যেই অনুপের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের হয়েছে। সেবা দলের তরফে বলা হয়েছে, সাংবিধানিক পদমর্যাদাকে হেয় করা কিংবা গণতান্ত্রিক ভিন্নমতকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলে ধরার বিরুদ্ধে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়।
রাহুলের পক্ষ নিয়ে সরব হয়েছেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত সদস্য কর্মবীর সিং। তিনি এক্স হ্যান্ডলে অনুপের উদ্দেশে পালটা লেখেন, ‘আপনি বিরোধী দলনেতার সঙ্গে একজন সাজাপ্রাপ্ত জঙ্গির তুলনা করছেন! রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের অংশ, কিন্তু শ্রদ্ধা ও শালীনতার সঙ্গে কোনো আপস করা যায় না। আপনি সেনার সদস্য ছিলেন, কিছু শালীনতা বজায় রাখুন। একবার সেনার উর্দি পরলেই রাজনৈতিক ট্রোলারদের মতো আচরণের লাইসেন্স পাওয়া যায় না।’ সমালোচনার মুখেও অবশ্য নিজের বক্তব্য থেকে সরতে নারাজ অনুপ। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাফ জবাব, ‘একজন সেনা অফিসারকে এফআইআরের ভয় দেখাচ্ছেন? আপনারা জানেন না, আমরা কোন ইস্পাত দিয়ে তৈরি!’