


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে পাঁচজনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা মুচিবাজারে। সেখানে প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অমল চক্রবর্তীর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকা পার্টি অফিসে হামলা করে একদল দুষ্কৃতী। দরজা-জানালার কাচ ভাঙা হয়। টেবিল-চেয়ার ভাঙা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ভাঙা হয়। এমনকি সেখানে থাকা একাধিক তৃণমূল কর্মীকেও ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ।
অমল চক্রবর্তীর দাবি, বিজেপির লোকেরা হামলা চালিয়েছে। এখানে আমি জগন্নাথ পুজোর আয়োজন করেছি। কেন আমি এখনও পার্টি অফিস খুলছি, তাই নিয়ে গত কয়েকদিন ধরে বিজেপির ছেলেরা হুমকি দিয়ে যাচ্ছিল। এদিন এসে ভাঙচুর চালায়। কর্মীদের মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিজস্ব চিত্র