


শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: লম্বা-চওড়া চেহারা। পুলিসের পোশাক পরে নিলে আরও ‘স্মার্ট’! এভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করতেন প্রতারণার দায়ে ধৃত প্রাক্তন হোমগার্ড সুস্মিত সেন। এমন আকর্ষণীয় চেহারা দেখে অনেক মহিলা তাঁর ‘ফ্যান’ হয়েছিলেন। অভিযোগ, এই সুযোগে চাকরি দেওয়ার নাম করে একাধিক মহিলার সঙ্গে তিনি সহবাস করেছেন। গত বুধবার গভীর রাতে কলকাতার গরফা থেকে নিজেকে পুলিসকর্তা পরিচয় দেওয়া ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। পরবর্তী জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা ইঙ্গিত পেয়েছেন, চাকরি দেওয়ার কথা বলে একাধিক যুবতীকে দীঘা বা দার্জিলিংয়ে নিয়ে গিয়ে তাঁদের সঙ্গে সহবাস করেছেন ধৃত। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এবং সঠিক তথ্য পেতে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, স্বঘোষিত ওই পুলিসকর্তা ‘টার্গেট’ করতেন বছর ৩৫-এর কমবয়সি মহিলাদের। তাঁদের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অন্যান্যদের তুলনায় কিছু কম টাকা চাইতেন। সেই সঙ্গে তাঁদের নিয়ে ঘুরতে যাওয়ার ‘চুক্তি’ করতেন। প্রলোভনের ফাঁদে পড়ে কয়েকজন মহিলা ওই প্রস্তাবে রাজি হয়েছিলেন। এ সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য পুলিসের হাতে এসেছে। জানা গিয়েছে, দার্জিলিং ছিল তাঁর ‘ফার্স্ট চয়েস’।
অল্পদিনের জন্য হলে দীঘা বা মন্দারমণি। এসব ক্ষেত্রে গাড়ির চালক নিতেন না সুস্মিত। নিজেই চালাতেন গাড়ি। সূত্রের দাবি, বারুইপুর, বসিরহাট ও উত্তরবঙ্গে তাঁর বিরুদ্ধে এ সম্পর্কিত অভিযোগও রয়েছে। তাঁর কাছে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্রটি কোথায়, জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। তাদের অনুমান, এরকম অপরাধমূলক কাজ ধৃতের একার পক্ষে সম্ভব নয়। সম্ভবত একটি বড়সড় চক্র রয়েছে। সেই চক্রের বাকিদের খোঁজ চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত সুস্মিত সেন বারুইপুর থানার হোমগার্ড ছিলেন। কয়েকবছর আগে এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁর উপর। মাঝপথে অভিযুক্ত পালিয়ে যায়। সেই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরি যায় সুস্মিতের।
অভিযোগ, এরপরই তিনি শুরু করেন নানা কায়দায় মানুষকে ঠকানোর কারবার। নিজেকে পুলিস সুপার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ পেতে বসেন। প্রতারণার শিকার হন তাঁর গাড়ির চালকও। তাঁকেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সুস্মিত কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। ওই চালকের অভিযোগের ভিত্তিতেই পুলিস তদন্ত শুরু করে এবং গরফা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।