


নয়াদিল্লি, ১০ অক্টোবর: দিল্লির কেরালা হাউস থেকে বের হতেই আটক করা হলো কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়নকে। শনিবার কেরালা হাউস থেকে বেরিয়ে তিনি যন্তরমন্তরের দিকে যাচ্ছিলেন। এরপরেই তাঁকে আটক করা হয় দিল্লি পুলিশের তরফে। এর আগে সিপিএম নেত্রী বৃন্দা কারাটকেও আটক করা হয়। এছাড়াও যন্তরমন্তর যাওয়ার পথে কেরালা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী কে এন বালাগোপাল, সাংসদ জন ব্রিটাস-কেও আটক করা হয়েছে।
ককরোচদের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক ধরপাকড় চলছে। সূ্ত্রের খবর, বাকি বিক্ষোভকারীদের সঙ্গেই পিনারাইকে ছত্রশাল স্টেডিয়ামে রাখা হয়েছে। যেখানে বর্তমানে অস্থায়ী ডিটেনশন ক্যাম্প করা হয়েছে। সিপিএমের তরফে এক্সে পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলা হয়, ‘মোদির শাসনকালে অঘোষিত ইমার্জেন্সি।’ এছাড়াও তাঁদের তরফে প্রশ্নও তোলা হয়, ‘বিক্ষোভকারীদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা কি ভারতীয় গণতন্ত্রে নতুন নিয়ম?’
সূত্রের খবর, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই-সহ সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবিকেও আটক করা হয়েছে এদিন। সাংসদ জন ব্রিটাস বলেন, পিনারাই বিজয়ন ইন্দিরা গান্ধীর শাসনকালের জরুরি অবস্থার শিকার। তিনি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের অঘোষিত জরুরি অবস্থারও শিকার হয়েছেন এবং তিনি চাপের কাছে নতি স্বীকার করবেন না, আর আমরাও করব না।’