


সংবাদদাতা, ময়নাগুড়ি: ফের বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব। ময়নাগুড়ি বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হলেন খোদ বিজেপি নেতা। প্রাক্তন বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে মারধর সহ সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত কৌশিক রায়। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর নাগাদ। আজ, শুক্রবার এই বিষয়ে বিকেলে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙ্গামালি গ্রামের বিজেপি নেতা গোপাল সরকার।
গোপাল সরকার গতকাল দুপুরে তার পরিচিত এক বন্ধুর মৃত্যুর খবর শুনে সেই বাড়িতে যান। সেই সময় কৌশিক রায় তার দলবল নিয়ে আচমকা সেখানে হাজির হন। অভিযোগ, হঠাৎ করেই কৌশিক রায় গোপাল সরকারের উপর চড়াও হন। তাকে মারধর করে গলা টিপে ধরা হয়। এমনকি গলা থেকে সোনার চেন ছিনতাই করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রকম প্রাণনাশের হুমকি দিতে থাকে অভিযুক্ত।
গোপাল সরকার বলেন, প্রতিবেশী একজনের মৃত্যু হয়েছে। সেই খবর নেওয়ার জন্য আমি গিয়েছিলাম। কোনো কিছু বোঝার আগেই আমার উপর হামলা করে কৌশিক। আমার গলা টিপে ধরার পর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে বাঁচায়। আমার সোনার চেন ছিনতাই করে সে।
কৌশিক রায় জানান, আমাদের দলের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহিনী রায় মারা গিয়েছেন। সে কারণে আমরা তাঁকে শ্রদ্ধা জানাতে তার গায়ে দলীয় পতাকা দিতে যাই। সেই সময় গোপাল বলেন দলীয় পতাকা দেওয়া যাবে না। একটু কথা কাটাকাটি হয়। এরপর গোপালকে সেখান থেকে চলে যেতে বলা হয়। তারপর আর কোনো কিছুই হয়নি। এখন মিথ্যা কথা বলা হচ্ছে আমার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা শুরু হয়েছে।
কিছুদিন আগে বারাকপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া গিয়েছিল। সেখানেও বিজেপির এক প্রবীণ নেতাকে মারধরের অভিযোগ উঠেছিল। কেন বারবার বিজেপির অর্ন্তদ্বন্দ্ব সামনে আসছে সেই নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।