


ঢাকা, ৩০ ডিসেম্বর: সব চেষ্টা ব্যর্থ। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আগামী বছরেই ফেব্রুয়ারি মাসে ভোট পদ্মাপাড়ে। তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি নেত্রী। আজ, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ খালেদা বিবির প্রয়াণের খবর জানায় বিএনপি। জানা গিয়েছে, এদিন সকাল ছ’টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন ঢাকার এক বেসরকারি হাসপাতালে। তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হলেন চিকিৎসকরা।
এই মুহূর্তে ওই বেসরকারি হাসপাতালে উপস্থিত রয়েছেন খালেদা পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা। আগামী কাল, বুধবার বাংলাদেশের মানিক মিয়া অ্যাভিনিউতে শেষকৃত্য সম্পন্ন হবে খালেদার। চলতি বছরের ৭ জানুয়ারি জেল থেকে মুক্তি পান খালেদা। তারপরেই লন্ডনে তাঁর চিকিৎসা শুরু হয়। খালেদার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও বার্ধক্যজনিত কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। প্রায়ই অসুস্থ হতেন, তখন তাঁকে ভর্তি করানো হতো হাসপাতালে। গত ২৩ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।