


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক এবং জেলার নেতাদের নিয়ে গঠিত তৃণমূল। আর অন্যটি, লোকসভার ২০জন সংসদ তৃণমূল ত্যাগ করে এনসিপিআই শিবিরে। তিন শিবিরের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে অন্য নজির গড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের জিতে বিধায়ক হন সপ্তর্ষি। চিকিৎসক মহলে অত্যন্ত সুপরিচিত তিনি। ২০২১ থেকে ’২৬ বিধায়ক হিসেবে কাজ করেছেন তিনি। শনিবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে এসে কংগ্রেসে শামিল হলেন সপ্তর্ষি। তাঁকে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের পশ্চিমবঙ্গের ইনচার্জ প্রকাশ যোশি সহ অন্যান্য নেতৃত্ব। সপ্তর্ষি বলেছেন, এখন মূলত দুই তৃণমূলকে নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত। রাস্তাঘাটে নানা ধরনের প্রশ্ন তুলছেন। এই অবস্থায় আমি তৃণমূলের কোনো শিবিরের সঙ্গেই শামিল হইনি। বরং আমার মনে হয়েছে বিজেপি বিরোধী লড়াইয়ে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধীর হাত শক্ত করতে কংগ্রেসের শামিল হয়েছি।