


সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার সোনামুখীর ব্রজনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হল। এই উপলক্ষ্যে তিনদিন ধরে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। মঙ্গলবার মূল অনুষ্ঠানে ভিলেজ এডুকেশন কমিটির সম্পাদক রবি টুডু, সোনামুখী অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসের স্পেশাল এডুকেটর পিঙ্কু দেবনাথ, পাথরমোড়া হাইস্কুলের প্রধান শিক্ষক নাড়ুগোপাল মান্না, মানিকবাজার পঞ্চায়েতের সচিব ভৈরব মাঝি সহ অন্যরা উপস্থিত ছিলেন।
১৯৪৭সালে স্থাপিত এই বিদ্যালয় একাধিক পুরস্কার পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর গরাই বলেন, আমি এই বিদ্যালয়ে ২০১১সাল থেকে প্রধান শিক্ষক পদে রয়েছি। অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার ফলে ২০১৪সালে নির্মল বিদ্যালয়, ২০১৮সালে শিশুমিত্র, ২০১৯সালে জেলা প্রশাসনের তরফে সেরা বিদ্যালয় এবং ২০২৫সালে বিদ্যারত্ন পুরস্কারে মহকুমায় প্রথম স্থান অর্জন সম্ভব হয়েছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছবি আঁকা ও ক্রীড়া প্রতিযোগিতায় জেলা তথা রাজ্যে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে।
১৯৪৭সালের ১০মার্চ এলাকার বাসিন্দাদের দান করা জমিতে এই বিদ্যালয় স্থাপিত হয়েছিল। বর্তমানে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১০৭। চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়টি বেশ সাজানো গোছানো। ফুলের বাগান, কিচেন গার্ডেন রয়েছে। পড়াশোনার পাশাপাশি স্কুলে নিয়মিত ছবি আঁকা, যোগাসন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চা চলে। প্রতিবছরই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তবে এবার বড়ো মাপের অনুষ্ঠান হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে তিনদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিভাগে সফলদের এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে বহু অভিভাবক উপস্থিত ছিলেন। তাঁরা জানান, প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ে পঠনপাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখানো হয়। তাই ছেলেমেয়েদের স্কুলে আসার প্রতি বাড়তি উৎসাহ থাকে। • নিজস্ব চিত্র