


শিবপুরী, ১৮ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে জন্ম নিল ৪ চিতা শাবক। আজ, শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই ঘটনা প্রজেক্ট চিতার জন্য ঐতিহাসিক এবং আনন্দের বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি এই প্রজেক্টের সঙ্গে জড়িত থাকা সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, কেজিপি১২ নামের চিতা ওই চার শাবকের জন্ম দিয়েছে। তাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই ভারতে প্রজেক্ট চিতার ৪ বছর পূর্ণ হয়েছে। তারমধ্যেই চিতা শাবকের জন্মের খবরে যারপরনাই খুশি বনদপ্তরের কর্মীরাও।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে কুনোতে ৪ শাবকের জন্ম দিয়েছিল কেজিপি১২ নামের এই চিতা। কিন্তু সেই সময় বন্য কোনো জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছিল শাবকগুলির। তারপর ফের চলতি বছরে ৪টি শাবকের জন্ম দিল ওই চিতা। এর ফলে ভারতে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২-তে। যার মধ্যে ৩২টি চিতার জন্ম হয়েছে এই দেশেই। কুনো ন্যাশনাল পার্কে বর্তমানে ৪৯টি চিতা রয়েছে। বাকি ৩টি চিতা রয়েছে গান্ধীনগর অভয়ারণ্যে।