


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃদ্ধকে সাহায্যের নাম করে এটিএম কার্ড হাতিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যাদবপুর এলাকায়। মেসেজ আসার পর বৃদ্ধ জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গিয়েছে। এরপরই তিনি যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৪ অক্টোবর যাদবপুরে একটি এটিএমে টাকা তুলতে যান অভিযোগকারী। কিন্তু টাকা উঠছিল না। এটিএম কার্ডটি আটকে গিয়েছিল। এই সময় তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসে এক যুবক। সে জানায় টাকা তুলে দিচ্ছে। এই সুযোগ অভিযোগকারীর এটিএম কার্ড মেশিন থেকে বের করে বদল করে নেয়। অভিযোগকারী বাড়ি ফিরে এসে দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৮১ হাজার টাকা উঠে গিয়েছে। তখনই বুঝতে পারেন, ওই যুবক তাঁর কার্ড হাতিয়ে টাকা তুলে নিয়েছে। ওই এটিএমের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।