


সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: প্রতি বছর দেশে বহু প্রবীণ নাগরিকের প্রাণ যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। ফ্লু বা ইনফ্লুয়েঞ্জায় ভুগতে ভুগতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাই দেশের ষাটোর্ধ্ব নাগরিকদের নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর হার কমাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। প্রবীণ নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে নিউমোনিয়া ও ফ্লু’র ভ্যাকসিন। গোটা দেশে চালু করার আগে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় এই কাজ শুরু হতে চলেছে। রাজ্য ও কেন্দ্র যৌথ উদ্যোগে কর্মসূচি নেওয়া হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর ব্লকে ‘পাইলট প্রজেক্ট’ হচ্ছে। টিকা যাঁরা নেবেন, তাঁদের বিমার আওতায় আনা হবে। ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে যদি হাসপাতালে ভর্তি হতে হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের পকেট থেকে খরচ করতে হবে না।
সূত্রের খবর, সোনারপুর ব্লকে প্রায় দেড় হাজার প্রবীণ নাগরিককে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য পৃথকভাবে ডাক্তার ও নার্স নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়েছে। এই ব্লকের ছ’টি স্বাস্থ্যকেন্দ্রে চলবে টিকাকরণ। কর্মসূচি শুরুর আগে এলাকায় ব্যাপক প্রচার চালাবে জেলা স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন নিয়ে কারও মধ্যে যাতে কোনও সংশয় না থাকে, তার জন্য আশ্বাস ও সচেতনতার বার্তা দেওয়া হবে পাড়ায় পাড়ায়। আরও জানা গিয়েছে, একজন বাসিন্দাকে ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া হবে কয়েকদিনের মধ্যে। পরবর্তী দু’বছর তাঁদের পর্যবেক্ষণের মধ্যে রাখবেন স্বাস্থ্যকর্মীরা। টিকা নেওয়ার পর সংশ্লিষ্ট প্রবীণ নাগরিকের স্বাস্থ্যে কেমন এবং কতটা প্রভাব পড়ল, সেটাই পর্যবেক্ষণ করবেন তাঁরা। সব রাজ্য থেকে রিপোর্ট জমা পড়বে মন্ত্রকে। তারপর সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, ‘নিউমোনিয়া ও ফ্লু’র টিকা দেওয়ার কর্মসূচি শীঘ্রই শুরু হবে। রাজ্যের মধ্যে কেবল সোনারপুরেই এই কাজ হচ্ছে। এখানে সাফল্য এলে আগামী দিনে হয়তো অন্যান্য জায়গাতেও এই টিকাকরণ চালু হবে।’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, প্রতি বছর ইনফ্লুয়েঞ্জায় গোটা দেশে ভালো সংখ্যক বয়স্ক মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, বহু বয়স্ক নাগরিকের ক্ষেত্রে দেখা যায়, সাধারণ সর্দি-কাশি থেকে নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা ঘিরে ধরছে। এমন পরিস্থিতি ঠেকাতেই মন্ত্রকের এই উদ্যোগ। সম্প্রতি রাজ্যগুলির সঙ্গে এ বিষয়ে বৈঠক করে কেন্দ্র। সেখানেই ষাটোর্ধ্ব নাগরিকদের সরকারি উদ্যোগে টিকাকরণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।