


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলা থেকে শহর, বামেদের একাধিক বুকস্টলে ভাঙচুরের অভিযোগ। কাঠগোড়ায় বিজেপি। শনিবার ফের একবার ঢাকুরিয়ায় বামেদের বুকস্টলে হামলার পরে সেখানে বই হাতে নিয়েই বিক্রি করতে দেখা যায়। এছাড়া মথুরাপুর স্টেশনেও বামেদের বুক স্টল ভেঙে ফেলা হয়েছে, এমনই অভিযোগ বামেদের। দিকে দিকে হেনস্থার প্রতিবাদে সরব বাম নেতৃত্ব।
শনিবার, গড়িয়াতেও একই ছবি দেখা যায়। সকালে হরিমতি স্কুলের সামনে সিপিএমের স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ সরাসরি বিজেপির দিকেই। তারপরে ফের সেখানেই বুকস্টল চালু করা হয়।
কোনো এলাকায় রাতের অন্ধকারে হামলা, আবার কোথাও বজরং দল নিয়ে হেনস্থার অভিযোগ তোলা হচ্ছে বামেদের তরফে। বুধবার রাতে বর্ধমানেও এই একই ছবি দেখা যায়। ডিওয়াইএফআই ও এসএফআই পরিচালিত একটি বুকস্টলে ভাঙচুর চালানো হয়। ঘটনায় সেখানে তুমুল উত্তেজনাও ছড়ায়। বাম সংগঠনের তরফে বলা হয়, ‘ওরা আসলে বইকে ভয় পায়।’
একই সুর শোনা যায়, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলাতেও। রাজ্যের একাধিক প্রান্তে এই বুকস্টল ভাঙার ঘটনায় গতকালই তিনি সরব হয়েছিলেন। বিজেপিকে সরাসরি নিশানা করে তিনি বলেন, ‘সরকার উৎসবে মেতেছে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি’। তিনি দাবি করেন, ‘বামপন্থীদের ভূমিকা সম্পর্কে আগ্রহী হচ্ছে অনেকেই, তাঁরা বইও কিনছেন।’ তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম ভারতের স্বাধীনতা, বাংলা সহ দেশের ইতিহাস, সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই চলবে।’