


মুম্বই: উদ্ধব থ্যাকারে নাকি একনাথ সিন্ধে, কার হাতে থাকবে শিবসেনার নিয়ন্ত্রণ? বুধবার থেকে তা নিয়েই চূড়ান্ত শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে শুনানিপর্বের মধ্যেই এবার সিন্ধেপন্থীদের উদ্দেশ্যে তোপ দাগলেন উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। এক্স হ্যান্ডলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের হাসিমুখের ছবি দিয়ে সঞ্জয় লিখেছেন, ‘আইনিভাবেই ওদের খেল খতম হবে। তা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই।’ পালটা আক্রমণ শানিয়েছেন সিন্ধেপন্থী শিবসেনার সাংসদ নরেশ হাসকেও। তিনি লিখেছেন, ‘সঞ্জয় রাউত, তোমাদের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তোমাদের এখন গালি দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’
বুধবার থেকে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে দুই শিবসেনার চূড়ান্ত আইনি লড়াই। আদালতের মৌখিক পর্যবেক্ষণ, পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা নয়। মূল রাজনৈতিক দলের কাছেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। পাশাপাশি আদালত আরো জানিয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকাংশ যদি দলের সঙ্গে ‘সত্যিই দ্বিমত’ পোষণ করে, তবে তাঁদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।