


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এজেন্ট কমিশন নিয়ে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলির একাংশ বিমাতৃসুলভ আচরণ করছে। তার প্রতিবাদে দেশজুড়ে কাজ বন্ধ করলেন এজেন্টরা। বিমা সংস্থার তরফে সদর্থক পদক্ষেপ না-হলে আগামী ৩১ জুলাই পর্যন্ত তাঁদের কাজ বন্ধই থাকবে। তারপরও পরিস্থিতির উন্নতি না-হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। হুমকি দিয়েছেন এজেন্টরা।
কনফেডারেশন অব জেনারেল ইনশিয়োরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার যুগ্ম আহ্বায়ক এবং জেনারেল ইনশিয়োরেন্স এজেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সুদীপ্ত সরকার বলেন, কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে সবাইকে বিমার আওতায় আনতে চাইছে। বিমা ব্যবসার শ্রীবৃদ্ধির ক্ষেত্রে এজেন্টদের ভূমিকা অনিবার্য। অন্যান্যরা কমিশন বাড়ালেও, ন্যাশনাল ইনশিয়োরেন্স তা আচমকাই অনেকটা কমিয়ে দিয়েছে। এরপরই তাঁর সংযোজন, দেশজুড়ে সাধারণ বিমা এজেন্টরা আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনো নতুন ব্যবসা দেবেন না। অর্থাৎ নতুন করে কোনো বিমা প্রকল্প তাঁরা বিক্রি করবেন না।