


গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর: দুরন্ত জয় ভারতের। ৪০৫ রান তাড়া করতে নেমেও সহজেই জয়ী হল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৮ উইকেটে। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় এবং আজকের এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আজ, বুধবার ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এদিন গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং করতে আসেন জন ক্যাম্পবেল ও কিসি কার্টি। কিন্তু মাত্র পঞ্চম ওভারে প্রথম ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। ৯ রানে কার্টি প্যাভিলিয়নে ফিরে যান। টিমের রান তখন মাত্র ৩৭। এরপর মাঠে নামেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। প্রথম উইকেট হারানোর পর রানের জন্য একেবারে মরিয়া হয়ে ওঠেন এই দুই ক্যারিবিয়ান ব্যাটার। আক্রমণাত্মক ব্যাটিং করে ক্যাম্পবেল এবং হোপ জুটি একটি মজবুত পার্টনারশিপ গড়ে তোলেন। মাত্র ৬৫ বলে সেঞ্চুরি করেন ক্যাম্পবেল। পাশাপাশি হাফসেঞ্চুরি করে অধিনায়ক হোপও। কিন্তু শেষমেষ ভারতীয় বোলিংয়ের কাছে হার মানতে হয় এই ক্যাম্পবেলকে। ১৮ ওভারে দ্বিতীয় উইকেটটি পড়ে ওঃ ইন্ডিজের। ১০১ রান করে ফিরে যান ক্যাম্পবেল। টিমের রান তখন ১৪৭। ব্যাট করতে আসেন আমির জাঙ্গু। হোপ ও জাঙ্গুর জুটিও রানের গতি বাড়ায়। সেঞ্চুরি করেন দুইজনেই। এরপরই তৃতীয় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রান করার পর আউট হয়ে ফিরে যান অধিনায়ক হোপ। ব্যাট করতে আসেন রাদারফোর্ড। কিন্তু ০ রান করেই ফিরে যেতে হয় তাঁকে। আউট হয়ে যান আমির জাঙ্গুও। ১১৪ রান করে ফিরে যেতে হয় তাঁকেও। এরপর ঝড়ের গতিতে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। অবশেষে ৭ উইকেট খুইয়ে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন গুরনোর, জাদেজা এবং কুলদীপ। ১টি উইকেট আসে কৃষ্ণার ঝুলিতে।
৪০৬ রানের টার্গেটে ভারতের হয়ে ব্যাটিং করতে আসেন ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিল। প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে এই দুই ভারতীয় ব্যাটার। মাঠে চার-ছয়ের বন্যা বইতে শুরু করে। ৬২ বলে সেঞ্চুরি করেন শুভমান। মাত্র ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০০ রানের গণ্ডি পার করে ভারত। এরপর ৭২ বলে সেঞ্চুরি করেন রোহিতও। মারেন ৬টি ছয় এবং ১০টি চার। এরপর জাইডের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান রোহিত (১০১)। ২৯ রানে আউট হন কোহলি। ক্রিজে টিকে থাকেন শুভমান। ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২৩ রানে। মারেন ৮টি ছয় এবং ২৬টি চার। অপর প্রান্তে ছিলেন ঋতুরাজ। তিনিও ৩১ রানে অপরাজিত থাকেন। মাত্র ৪৩.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ৪০৬ রান তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট পান জাইডে এবং জোসেফ।