


রাজকোট: প্রথম ওয়ান ডে’তে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অনেকটাই স্বস্তিতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের লড়াইয়ে সিরিজ জয়ের ডঙ্কাও বাজিয়ে দিয়েছেন কোহলিরা। রাজকোটে পরের ম্যাচ বুধবার। রোহিত, শ্রেয়সরা সোমবার বরোদা থেকে পৌঁছে গিয়েছেন সেখানে। বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের দেখে মনে হয়েছে, তাঁরা অনেকটাই চাপমুক্ত। খোশমেজাজে ধরা দিলেন রোহিত শর্মা, শ্রেয়স আয়াররা। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ান ডে সিরিজ জেতাটা খুবই জরুরি। শুধু তাই নয়, গিলদের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাও। আসলে ২০২৪ সালে ঘরের মাঠে কিউয়িদের কাছে টেস্ট সিরিজের ধবল-ধোলাই হয়েছিল ভারত। সেই লজ্জা আজও বয়ে বেড়াতে হচ্ছে। তা থেকে নিস্কৃতির একটাই উপায়, সাদা বলের ক্রিকেটে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করা।
বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আয়ারদের দুরন্ত ফর্মে তিনশোর টার্গেট পেরোতে খুব বেশি বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। তবে সাফল্যের মাঝ্যেও উঁকি দিচ্ছে বেশ কিছু ভুলত্রুটি, যা দলকে বিপাকে ফেলতে পারে। বিশেষ করে বোলিংয়ে অনেক খামতি মেটানো প্রয়োজন। রবিবার নতুন বলে ভারতীয় পেসাররা শুরুটা ভালো করতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। তাঁরা যোগ করেছিলেন ১১৭ রান। তাই অর্শদীপ সিংকে খেলানোর দাবি জোরালো হচ্ছে। প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ চয়ন নিয়ে বেশ বিরক্ত। তিনি বলেছেন, ‘অর্শদীপকে না খেলানো আমার কাছে বড়ই বিস্ময়ের।’ ইউটিউব চ্যানেলে অশ্বিনের বক্তব্য শুনে এক ক্রিকেটপ্রেমী লেখেন, হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে। তা দেখে আরও ক্ষোভ উগরে দেন অ্যাশ। তিনি বলেন, ‘বিশ্রাম যদি দিতেই হয় তাহলে বুমরাহর মতো দেওয়া উচিত। মনে রাখতে হবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে কৃপণ বোলিং করেছিল অর্শদীপ। টি-২০ বিশ্বকাপের আগে ওকে আরও বেশি ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া দরকার।’
অশ্বিনের এই বক্তব্য কোচ গম্ভীরের কানে পৌঁছাবে কিনা সময় বলবে। তবে ভারতীয় পেস আক্রমণে বুমরাহর না থাকার ছাপ স্পষ্ট। তাই অর্শদীপকে ফিরিয়ে ঘাটতি পূরণের সুযোগ থাকছে। একই সঙ্গে স্পিন বিভাগও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে প্রথম ম্যাচে। তার উপর চোট পেয়ে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ক্যাপ্টেন গিলের তিন পেসার ও তিন স্পিনার খেলানোর ফর্মুলা হয়তো খাটবে না দ্বিতীয় ম্যাচে। শুরু হয়ে গিয়েছে বিকল্প চিন্তাভাবনা। রাজকোটের পিচ দেখেই প্রথম একাদশ বাছবেন কোচ গম্ভীর। তবে তাঁর হাতে অপশন কম। পেস অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডিকে খেলানো হতে পারে। সুন্দরের পরিবর্ত হিসেবে ওয়ান ডে স্কোয়াডে ডাক পাওয়া আয়ূশ বাদোনির কপাল খোলে কিনা, সেদিকেও নজর থাকবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচে জয়ের নায়ক বিরাট কোহলি। দুরন্ত ফর্মে তিনি। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধু ওয়ান ডে ফরম্যাটে খেলছেন ভিকে। পরিসংখ্যান বলছে, শেষ সাতটি লিস্ট এ ম্যাচে কোহলি ৫০ বা তার বেশি রান করেছেন। কোহলির নতুন সংস্করণে মজেছে ক্রিকেট দুনিয়া। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কায়িফ বলেছেন, ‘কোহলি যেরকম ফর্মে আছে, তাতে মনে হচ্ছে, ২০২৭ বিশ্বকাপের পরেও অনায়াসে খেলা চালিয়ে যেতে পারবে।’