


কলকাতা, ৩০ জুন: ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে শ্লথতার কাঁটা এবং প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদ কমানোর পূর্বাভাস- ত্রিফলা প্রভাবে চলতি বছরের শুরুর দিকে ঝড়ের বেগে বাড়ছিল সোনার দাম। তাতে ইন্ধন জুগিয়েছিল ডলারের দুর্বলতা। ফলে একসময় হলুদ ধাতু রেকর্ড গড়েছিল। এমনকি দিন ১৫ আগেও কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকার টাকার উপরে। কিন্তু গত কয়েক দিনে মোটের উপরে সোনার দাম নিম্নমুখী। তথ্য বলছে, মাত্র দু’সপ্তাহের তফাতে শহরে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৯ হাজার টাকার বেশি হ্রাস পেয়েছে।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আজ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। গত ১৫ জুন যা ছিল ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, হলমার্ক গয়নার সোনার দাম গত ১৫ জুন যা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১৫০ টাকা, এদিন তা কমে ১ লক্ষ ৩৫ হাজার ২৫০ টাকায় দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারেও মূল্যবান এই ধাতুর দাম নিম্নমুখী। এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় দেড় শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,৯৫৬.৯২ ডলার।