


সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। সকাল থেকে রাত— অধিকাংশ সময়ে শহরের বিশেষ কয়েকটি জায়গা যানজটে স্তব্ধ হয়ে থাকে। এতে নাভিশ্বাস ওঠে নিত্যযাত্রী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের। দেখা গিয়েছে, শহরে যানজটের অন্যতম কারণ সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পণ্যবাহী যান চলাচল। এবার উলুবেড়িয়া শহরে যানজটের সমস্যা দূর করতে একটি নির্দিষ্ট সময় পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করল জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, সাধারণ মানুষের নিরাপত্তা ও যানজট দূর করতে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের মধ্যে ওটি রোডে পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। তবে প্রয়োজনে পুলিশ বাইপাস রাস্তা দিয়ে এইসব পণ্যবাহী যানকে চলাচলের অনুমতি দিতে পারে।
উলুবেড়িয়া শহরে অন্যতম বড়ো সমস্যা হল যানজট। দিনের অধিকাংশ সময় বিশেষ করে অফিস টাইমে উলুবেড়িয়া আদালতের সামনে, কলেজের সামনে, গোরুহাটা মোড়, উলুবেড়িয়া স্টেশন মোড় যানজটে স্তব্ধ থাকে। এই সমস্যার সমাধানে শহরের বাইরে বাইপাস রাস্তা নির্মাণ করা হয়। যদিও বর্তমানে এই রাস্তার কাজ কিছুটা বাকি। এদিকে, বাইপাস রাস্তা নির্মাণ হলেও শহরের মধ্যে দিয়ে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ না করায় যানজটের সমস্যা মারাত্মক আকার নিয়েছে। এবার পণ্যবাহী যান চলাচলের জন্য সময় বেঁধে দেওয়ায় সাধারণ মানুষের উপকার হবে বলে মনে করেন উলুবেড়িয়ার আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস। তিনি বলেন, খুব ভালো উদ্যোগ। তবে এর পাশাপাশি ওটি রোডে অটো এবং টোটো চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।