


সংবাদদাতা, আলিপুরদুয়ার: পর্যটক মহলে খুশির খবর। ফের শুরু হচ্ছে গোরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি সাফারির অনলাইন টিকিট বুকিং। নতুন পর্যটন মরশুম অর্থাৎ শারদোৎসবের আগেই উত্তরবঙ্গের এই দুই বনাঞ্চলে হাতি সাফারির অনলাইন বুকিং চালু হচ্ছে। শুক্রবার এই খবর জানিয়েছেন রাজ্যের বন্যপ্রাণ শাখার উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি। তবে কার সাফারির ক্ষেত্রে এখনই অনলাইন বুকিং চালুর কোনওরকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে বনদপ্তর।
জলদাপাড়ায় সাতটি ও গোরুমারায় চারটি হাতিকে সাফারির কাজে লাগানো হবে। সাফারির অনলাইন বুকিং বন্ধ থাকার জন্য পর্যটকরা আগাম বুকিং করতে পারতেন না। তাঁদের এখানে এসেই বুকিং করতে হতো। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথি রায় বলেন, ‘এর ফলে সাফারিতে পর্যটকদের ঢল নামবে।’ মুখ্য বনপাল বলেন, ‘পুজোর আগে আপাতত হাতি সাফারির ক্ষেত্রেই অনলাইন বুকিং ফিরছে। কার সাফারির ক্ষেত্রে অফলাইন বুকিং চালু থাকবে।’