


সংবাদদাতা, তেহট্ট: দীর্ঘদিন ধরে পলাশীপাড়া থেকে কলকাতাগামী সরকারি বাস পরিষেবা বন্ধ। ফলে কলকাতায় যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পলাশীপাড়া, তেহট্ট সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও চিকিৎসার প্রয়োজনে কলকাতায় যাতায়াত করা মানুষজন। যাত্রীদের চাহিদা থাকা সত্ত্বেও কেন সরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। দ্রুত ফের দু’টি সরকারি বাস চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া, তেহট্ট এবং আশপাশের বিস্তীর্ণ এলাকার সঙ্গে কলকাতার সরাসরি সরকারি বাস যোগাযোগ নেই বললেই চলে। অথচ ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা সহ নানা প্রয়োজনে এলাকার বহু মানুষকে নিয়মিত কলকাতায় যেতে হয়। একসময় বাম আমলে পলাশীপাড়া থেকে কলকাতার উদ্দেশে সকালে ও দুপুরে দু’টি সরকারি বাস চলত। পরে দীর্ঘদিন সেই পরিষেবা বন্ধ ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে ফের দু’টি সরকারি বাস চালু হওয়ায় স্বস্তি ফিরেছিল এলাকায়। কিন্তু কিছুদিন চলার পর ফের বন্ধ হয়ে যায় সেই পরিষেবা।
এলাকার বাসিন্দারা জানান, একটি বাস পলাশীপাড়া, তেহট্ট, চাপড়া ও কৃষ্ণনগর হয়ে কলকাতা যেত। অন্য বাসটি পলাশীপাড়া, দেবগ্রাম ও বেথুয়াডহরি হয়ে কলকাতায় পৌঁছাত। দু’টি বাসেই যাত্রীদের যথেষ্ট ভিড় থাকত। ফলে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে নতুন করে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। বর্তমানে কলকাতায় যেতে হলে প্রথমে বাসে পলাশী বা কৃষ্ণনগর যেতে হচ্ছে। সেখান থেকে ট্রেন ধরে কলকাতা পৌঁছাতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনই প্রবীণ ও অসুস্থ যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী সোমনাথ হাইত বলেন, পলাশীপাড়া ও তেহট্ট এলাকায় বহু ব্যবসায়ী রয়েছেন। তাঁদের অনেককেই প্রতি সপ্তাহে ব্যবসার কাজে কলকাতায় যেতে হয়। সরকারি বাস দু’টি চালু থাকলে সরাসরি কলকাতা যাতায়াত করা যেত। বিশেষ করে ব্যবসায়ী, রোগী ও তাঁদের পরিজনদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন পলাশী বা কৃষ্ণনগর গিয়ে ট্রেন ধরতে হচ্ছে। যাত্রীদের চাহিদা থাকা সত্ত্বেও কেন বাস বন্ধ হল, তা আমাদের বোধগম্য নয়। ফের বাস দু’টি চালু হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
স্থানীয়দের বক্তব্য, পলাশীপাড়া ও তেহট্ট থেকে কলকাতার সরাসরি সরকারি বাস চালু হলে বহু বাসিন্দা উপকৃত হবেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত দু’টি রুটে সরকারি বাস পুনরায় চালুর দাবি উঠেছে। এব্যাপারে পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, পলাশীপাড়া থেকে কলকাতাগামী সরকারি দু’টি বাস যাতে পুনরায় চালু করা যায় সেবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।