


সংবাদদাতা, বনগাঁ: রাজ্যে বিজেপি সরকার ১০০ দিন পার করেছে। ১০০ দিনে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তা সাধারণের কাছে পৌঁছে দিতে বুধবার সাংবাদিক সম্মেলন করল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি। এদিন দলীয় কার্যালয়ে জেলা সভাপতির উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। স্বাস্থ্য থেকে শিক্ষা, কর্মসংস্থান, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সহ একাধিক বিষয়ে সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় সাংবাদিক বৈঠকে। তবে বনগাঁবাসীর জন্য কোনো খুশির খবর শোনাতে পারেননি বিধায়ক। সরকারের সাফল্যের খতিয়ানে যশোর রোড সম্প্রসারণ ও ইছামতী নদী সংস্কার নিয়ে কোনো উদ্যোগের কথা শোনাতে পারেননি তিনি। বনগাঁবাসীর দীর্ঘদিনের দাবি, ইছামতী নদী সংস্কার ও যশোর রোড সম্প্রসারণ। নির্বাচনের আগে ইছামতী নদী সংস্কার ও যশোর রোড সম্প্রসারণ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তবে সরকার ১০০ দিন পার করলেও এবিষয়ে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বলে দাবি বাসিন্দাদের। শহরের এক বাসিন্দা বলেন, ভোটের আগে বিজেপির পক্ষ থেকে নদী সংস্কার ও যশোর রোড সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলেও কোনো পদক্ষেপ করা হয়নি।
বনগাঁর মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতী দীর্ঘদিন ধরে মৃতপ্রায়। ভরা বর্ষাতেও ইছামতী কচুরিপানায় আবদ্ধ। নদীতে জল দেখা যায় না। কিছু কিছু জায়গায় নদী দখল করে নির্মাণ হয়েছে। এবারও নির্বাচনের আগে ইছামতী নদী সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে ইছামতী নদী সংস্কার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাজ্যে সরকারের ১০০ দিন বয়স অতিক্রান্ত হলেও নদী সংস্কার নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। অন্যদিকে, বনগাঁবাসীর নিত্যদিনের যানজট সমস্যা সমাধান করতে যশোর রোড সম্প্রসারণ করার প্রতিশ্রুতিও রয়ে গিয়েছে বলে দাবি শহরের বাসিন্দাদের। এদিন সাংবাদিক সম্মেলনে এবিষয়ে প্রশ্ন করা হলে বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, মাত্র তিন মাস বয়স সরকারের। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব। সাংসদকেও বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরতে আবেদন করা হবে। নিজস্ব চিত্র