


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিল খাতে মাসের পর মাস আটকে আছে স্কুলগুলির টাকা। আর্থিক কারণে বেশ কিছু স্কুলে এই প্রকল্প বন্ধও হয়েছে। কোথাও আবার বন্ধ হওয়ার মুখে। এতদিন বাদে এই বিভ্রাটের ব্যাখ্যা দিল স্কুলশিক্ষা দপ্তর। মঙ্গলবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এসএনএ স্পর্শ পোর্টালে প্রযুক্তিগত বিভ্রাটের কারণে টাকা আসতে দেরি হচ্ছে। এই সমস্যা হচ্ছে বেশ কিছু ব্লকে। অর্থদপ্তর এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। এও বলা হয়েছে, অর্থের কোনো সংকট নেই। তাই স্কুলগুলি যেন নিজেদের মতো করে প্রকল্প চালিয়ে যায়।
এই অবস্থায় স্কুলগুলির বক্তব্য, ধার-বাকি করে মিড ডে মিল চালানোর তো একটা সীমা থাকে। বাজারের সবজি, মাছ বা ডিম বিক্রেতা, মুদিখানার মালিকদেরও ধার দেওয়ার একটা সীমিত ক্ষমতা রয়েছে। টাকা এলেই ধার মিটিয়ে দেওয়া হবে— এই আশ্বাসে তাঁরা আর জিনিসপত্র দিতে চাইছেন না। তাঁরা ধার মেটানোর নির্দিষ্ট সময় জানতে চাইছেন। প্রধান শিক্ষকদের বক্তব্য, মিড ডে মিলের মতো একটি স্পর্শকাতর প্রকল্পকে নয়া ব্যবস্থার অধীনে আনার আগে সবকিছু মাথায় রেখে এগনো উচিত ছিল সরকারের। কারণ, প্রযুক্তিগত ত্রুটির কারণ দেখিয়ে মিড ডে মিলের মতো প্রকল্প তো স্থগিত রাখা যায় না।