


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমঘরে মজুত আলু বাইরের রাজ্যে রেলের রেকে করে পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি কুইন্টালে ১০০ টাকা পরিবহণ ভরতুকি দেবে। কৃষি বিপনণ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৩ লক্ষ টন আলু পাঠানোর জন্য এই আর্থিক অনুদান দেওয়া হবে। হিমঘরগুলিতে রাজ্যের নিজস্ব চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণে আলু মজুত থাকার জন্য কৃষক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে সরকার। প্রচুর আলু মজুত থাকার কারণে এবার চাষি এবং যাঁরা হিমঘরে আলু সংরক্ষণ করে রেখেছেন, তাঁরা খুব কম দাম পাচ্ছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, জ্যোতি আলুর ৫০ কেজি বস্তার বন্ড ১৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে আলু বার করলে কেজিতে ৭-৮ টাকা দাম মিলছে। এতে মূলত চাষিদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় ৪০ লক্ষ টন আলু মজুত আছে। যে হারে আলু বেরচ্ছে, তাতে আগামী তিন মাসে বাজারের চাহিদা মেটানো ও নতুন চাষে ব্যবহারের পরেও ১০ লক্ষ টন আলু থেকে যেতে পারে বলে ব্যবসায়ী মহলের আশঙ্কা। এই অবস্থায় সরকারি ভরতুকি পেয়ে কিছুটা কম খরচে আলু ভিন রাজ্যে বেশি পরিমাণে পাঠাতে পারলে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, পশ্চিমবঙ্গ থেকে মূলত ট্রাকে করে ভিন রাজ্যে আলু যায়। রেকে পাঠানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা আছে। ট্রাকে পাঠানোর জন্যও এই ভরতুকি দিলে তা অনেক কার্যকরী হত।