


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মীরা টানা ১২ দিন (শনি ও রবিবার নিয়ে) ছুটি পাবেন। চলতি বছরেও দুর্গাপুজো উপলক্ষ্যে টানা ১২ দিন ছুটি ছিল। বৃহস্পতিবার অর্থদপ্তর রাজ্য সরকারি অফিসে ছুটির তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ১৫ অক্টোবর বৃহস্পতিবার চতুর্থীর দিন থেকে সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হবে। অফিস ফের খুলবে লক্ষ্মীপুজোর একদিন পর ২৭ অক্টোবর। আগামী বছর কালীপুজো-ভাইফোঁটা উপলক্ষ্যে শনি ও রবিবার ধরে সরকারি অফিসে টানা ৬ দিন ছুটি থাকবে। কালীপুজো রবিবার ৮ নভেম্বর পড়েছে। ৯-১০ তারিখ কালীপুজো উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি থাকছে। ১১-১২ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটি থাকছে। এই বছর কালীপুজো-ভাইফোঁটার সঙ্গে ছট উৎসবের দুদিনের ছুটি একসঙ্গে পড়েছিল। তাই ওই সময়ে শনি-রবি মিলিয়ে সরকারি অফিসে টানা ১১ দিন ছুটি ছিল। এবার ছটের একটি দিন ১৫ নভেম্বর রবিবার পড়েছে। ছট উপলক্ষ্যে ১৬ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। তাই আগামী বছর ভাইফোঁটা উপলক্ষ্যে বৃহস্পতিবার ১২ নভেম্বর অতিরিক্ত ছুটির পর শুক্রবার অফিস করতে হবে সরকারি কর্মীদের। তারপর শনি-রবি মিলিয়ে ফের টানা ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। আগামী বছর সরস্বতী পুজো পড়েছে শুক্রবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে উপলক্ষ্যে ছুটির দিনেই। তার আগের দিন ২২ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছে। এরপর ২৬ জানুয়ারি সোমবার সাধারণতন্ত্র দিবসের ছুটি। এই দফায় শনি ও রবিবার মিলিয়ে টানা ৫ দিন ছুটি পাবেন। সরকারি অফিসে রাম নবমী উপলক্ষ্যে ২৬ মার্চ ছুটি দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করম পুজো উপলক্ষ্যে ছুটির দিনটি পরে জানানো হবে।