


নিজস্ব প্রতিনিধি, বারাসত: অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। সেই আবহে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারীদের হয়রানি কমাতে উদ্যোগ নিল দেগঙ্গা ব্লক প্রশাসন। আবেদনের হাল কী, তা জানতে এবার আর সাইবার ক্যাফে থেকে বিডিও অফিস দৌড়তে হবে না। পঞ্চায়েতেই মিলবে আবেদনের ‘স্ট্যাটাস’। দেগঙ্গার ১৩টি গ্রাম পঞ্চায়েতেই চালু হল হেল্প ডেস্ক। সোম থেকে শুক্র, সরকারি অফিসের সময় এই পরিষেবা পাওয়া যাবে। একই সঙ্গে দেগঙ্গা বিডিও অফিসেও খোলা হয়েছে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক। সেখানে আবেদনকারীরা বিনা খরচে তাঁদের অন্নপূর্ণা যোজনার আবেদনের বর্তমান পরিস্থিতি জানতে পারবেন। এতদিন আবেদনের স্ট্যাটাস জানতে অনেককেই সাইবার ক্যাফেতে যেতে হত। তার জন্য গুনতে হত টাকা। দূরের পঞ্চায়েতের বাসিন্দাদের ক্ষেত্রে শুধু স্ট্যাটাস জানতে বিডিও অফিসে আসার অর্থ অতিরিক্ত যাতায়াতের খরচও। নতুন ব্যবস্থায় সেই দৌড়ঝাঁপেই রাশ টানতে চাইছে প্রশাসন। নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ থাকায় ইতিমধ্যেই হেল্প ডেস্কগুলিতে আবেদনকারীদের ভিড় বাড়ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা ব্লকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রায় এক লক্ষ আবেদন জমা পড়েছে। সিংহভাগ আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেয়েছেন। বাকি আবেদনগুলির অবস্থাও যাতে উপভোক্তারা সহজে জানতে পারেন, সেই লক্ষ্যেই পঞ্চায়েত স্তরে এই ব্যবস্থা। এনিয়ে দেগঙ্গার বিডিও নাজমুল আরেফিন মিদ্দে বলেন, এই ব্লক অনেকটাই বড়। তাই মানুষের যাতে সমস্যা না হয় সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। প্রতিদিন ডেস্কগুলিতে মানুষ তাদের সমস্যা নিয়ে আসছেন। সমাধানও করা হচ্ছে সুষ্ঠুভাবেই।