


বার্মিংহাম: তিন ঘণ্টার বাস সফরে লিডস থেকে বুধবার বার্মিংহাম পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। এখানেই দ্বিতীয় টেস্ট শুরু ২ জুলাই। হাতে অনেকটা সময়। হেডিংলেতে দুর্দান্ত খেলেও পরাজয় টিম ইন্ডিয়ার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। তা সামলে ওঠা জরুরি। তাই ক্রিকেটারদের দু’দিন ছুটি দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ফর্মাল ড্রেসে ক্রিকেটারদের দেখা যাচ্ছে বার্মিংহামের রাস্তায়, রেস্তোঁরায়। ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থকে দেখা গেল কফি শপে। বুমরাহ টিম হোটেলে চেক ইন করেই ছুটলেন গ্রসারি শপে। লোকেশ রাহুলের হাতে ম্যাট্রেস দেখে অনেকেই বিস্মিত। পাঁচতারা হোটেলের অতিরিক্ত নরম শয্যা অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ঘুমের ব্যঘাত ঘটে। হয়তো সেই কারণেই লোকেশ ব্যবহার করছেন ফোল্ডিং ম্যাট্রেস।
দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের প্র্যাকটিস সিডিউল তৈরি। ২৭ ও ২৮ জুন গিল, যশস্বীরা বার্মিংহামে প্র্যাকটিস করবেন। তবে সেটা হবে ক্লোজড ডোর। অর্থাৎ সাংবাদিকদের প্রবেশ নিষেধ। উৎসাহী সমর্থকরাও ভিড় জমাতে পারবেন না। লিডসে একই পন্থা নিয়েছিলেন কোচ গম্ভীর। রণকৌশল যাতে লিক না হয়ে যায়, সেই কারণেই এই ব্যবস্থা। ভারত পাঁচ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে। ফলে চাপ ও তাগিদ দুটোই থাকছে। সিরিজে সমতা ফেরানোর কৌশলে শান দিয়ে নিতে চাইবেন গিলরা। আর সেটা ইংল্যান্ড শিবির টের পাক, তা কোনও মতেই চাইছেন না গম্ভীর। এমনিতেই তিনি কড়া ধাতের কোচ। অস্ট্রেলিয়া সফরেও গোপনেই ট্রেনিং করিয়েছিলেন ছেলেদের। কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল প্র্যাকটিস গ্রাউন্ড। বার্মিংহামে তেমন কিছু দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের ময়নাতদন্ত চলেছে ভারতীয় শিবিরে। ফিল্ডিং ও বোলিংকে দায়ী করা হচ্ছে সরাসরি। এমনকী ব্যাটারদের সেঞ্চুরি করে আউট হওয়ার প্রবণতা নিয়েও উঠছে প্রশ্ন। তার উপর বুমরাহর দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে রয়েছে সংশয়। এই পরিস্থিতিতে বিকল্প কী হতে পারে, তাও প্র্যাকটিসে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কুলদীপ যাদবকে খেলানোর জন্য চাপ বাড়ছে গম্ভীরের উপর। কিন্তু বার্মিংহাম টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে রয়েছে ছয় পেসার ও এক স্পিনার। ভারতীয় দল তাই কুলদীপকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয়। পিচ দেখেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।