


নয়াদিল্লি: পর পর দুই ম্যাচ জিতে মনোবল তুঙ্গে অক্ষর প্যাটেলদের। সামনে জয়ের হ্যাটট্রিকের হাতছানি। সেই লক্ষ্যেই বুধবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, দুটো ম্যাচ হেরে বেশ চাপে গুজরাত টাইটান্স। তবে চোট সারিয়ে ফিরছেন অধিনায়ক শুভমান গিল। যা স্বস্তিতে রাখছে ২০২২ সালের চ্যাম্পিয়নদের।
দিল্লি ক্যাপিটালসের প্রথম দু’টি ম্যাচে জয়ের পিছনে বড় ভূমিকা ছিল সমীর রিজভির। ব্যাটিংয়ের অনেক দুর্বলতা তিনি ঢেকে দিতে সফল। কিন্তু লোকেশ রাহুল, নীতীশ রানাদের রান পাওয়া টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছে। দু’টি ম্যাচেই ব্যর্থ লোকেশ রাহুল। শুরুতে কয়েকটা উইকেটে পড়ে গেলে সামলে ওঠার জন্য ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবসের মতো বিদেশিরা আছেন। অধিনায়ক অক্ষর প্যাটেল ও স্পিনার বিপরাজ নিগম ভালোই ব্যাট করেন।
তিন পেসারের সঙ্গে তিন স্পিনার খেলাচ্ছে দিল্লি। নতুন বলে মুকেশ কুমার ও লুঙ্গি এনগিডি শুরু করছেন। ডেথ ওভারে ভরসা রাখা হচ্ছে টি নটরাজনের উপর। তবে গুজরাতের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন স্পিনাররা। অক্ষর ও কুলদীপের সঙ্গে বিপরাজ ভালোই বল করছেন।
এদিকে, চোট সারিয়ে ফিরছেন শুভমান গিল। গত ম্যাচে তাঁর না থাকা গুজরাতের ব্যাটিং দুর্বল করেছিল। আসলে শুরুতে গিল ও সুদর্শন বড় রানের ভিত গড়ে দেন। অতীতে তাঁরা বেশ কিছু দর্শনীয় ইনিংস উপহার দিয়েছেন। গিল পাশে থাকলে সুদর্শন অনেকটাই চাপমুক্ত থাকবেন। গত ম্যাচে ঝোড়ো ৭৩ করেছিলেন তিনি। সেই ফর্ম বজায় থাকলে দিল্লির বোলারদের পরীক্ষার মুখে পড়তে হবে। তাছাড়া জস বাটলার, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর রয়েছেন মিডল অর্ডারে। তবে তরুণ তুর্কি কুমার কুশাগ্র গত ম্যাচে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
গুজরাতের বোলিং বেশ ভালো। তিন পেসার কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্পিনার রশিদ খান এই ম্যাচে নায়ক উঠতে পারেন। শুধু বল হাতে নয়, ব্যাটার হিসেবেও তাঁকে কাজে লাগাতে চাইছে গুজরাত।