


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন মাত্র দু’বছর। তবে এই পর্বে লাল-হলুদ জার্সিটাকে অনেকটাই আপন করে নিয়েছেন হিজাজি মাহের। গত মরশুমে কলকাতাকে বিদায় জানিয়ে ফিরে গিয়েছেন নিজের দেশে। তবে জর্ডনের এই ডিফেন্ডারের হৃদয়ে আরও ইস্ট বেঙ্গলের প্রতি ভালোবাসা অটুট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র ম্যাচ খেলতে বর্তমানে জর্ডনের রাজধানী আম্মানে রয়েছে ইস্ট বেঙ্গল। এই খবর পাওয়া মাত্রই সোমবার টিম হোটেলে হাজির হলেন হিজাজি। প্রাক্তন সতীর্থদের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেন তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় লাল-হলুদ জার্সি। বুধবার জর্ডনের ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে এসিএল-টু’র অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল। ২০২২-২৩ সালে এই ক্লাবেই খেলতেন হিজাজি। তাই প্রাক্তন দল সম্পর্ক হাবাস-ব্রিগেডকে দিলেন মূল্যবান তথ্য।
গ্রুপ পর্বে অ্যাওয়ে ম্যাচ খেলতে রবিবারই জর্ডনে পা রাখে ইস্ট বেঙ্গল। সোমবার স্থানীয় এক মাঠে দল নিয়ে ঘণ্টা খানেক প্রস্তুতি সারেন কোচ হাবাস। দুপুরে জর্ডনের রাজধানী আম্মানের তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তার মধ্যেই স্থানীয় সময় বিকেল চারটেতে অনুশীলন করেন আনোয়াররা। বুধবার অবশ্য সন্ধ্যায় হবে ম্যাচ। তাই আগামী দু’দিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই চ্যালেঞ্জ লাল-হলুদ ফুটবলারদের। কোনও বিদেশি স্ট্রাইকার ছাড়াই অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। তাই বিপক্ষের ডেরায় রক্ষণ অটুট রাখাই মূল লক্ষ্য লাল-হলুদ স্প্যানিশ কোচের। সেই মতো গত কয়েকদিন ক্লাবের মাঠেই আল হুসেইনি ম্যাচের নীল নকশা তৈরি করেছেন অভিজ্ঞ হাবাস।
অসুস্থতার কারণে দলের সঙ্গে জর্ডন যাননি ক্রিস ইকোনমিডিস। পাশাপাশি পাসপোর্ট সমস্যায় শহরেই আটকে লালচুংনুঙ্গা। কোমরের ব্যথায় কলকাতায় গত কয়েকদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন রশিদ। তবে রবিবার তিনি দলের সঙ্গে গিয়েছেন। এদিকে, মঙ্গলবার ভোররাতে শহরে পা রাখছেন লাল-হলুদের নবাগত বিদেশি একে লোবা। আইভরি কোস্টের স্ট্রাইকারের আগমনে আপফ্রন্টের সমস্যা অনেকটাই মিটবে। এদিকে, ম্যাচের তিনদিন আগে আল হুসেইনের হেড কোচের পদ থেকে ইস্তফা দেন আহমদ হায়েল। ফলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ের আগে কিছুটা হলেও বিপাকে জর্ডনের ক্লাবটি।