


ইসলামাবাদ, ১৬ এপ্রিল: আজ, শুক্রবার লাহোরে গুলিবিদ্ধ হল লস্কর জঙ্গি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আমির হামজা। ঘটনার পরই তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। সেদেশের পুলিশ জানিয়েছে, লাহোরে একটি সংবাদমাধ্যমের কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন হামজা। সেই সময় হাফিজ সঈদ ঘনিষ্ঠ এই কুখ্যাত জঙ্গিকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় জনাকয়েক দুষ্কৃতী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চড়েই এসেছিল বন্দুকবাজরা। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা কারা বা কোন সংগঠনের তা জানা যায়নি। কেউ এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, আমির হামজা লস্কর জঙ্গি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতার পাশাপাশি জঙ্গি হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ। ভারতে একাধিক নাশকতামূলক হামলার ছকেও নাম জড়িয়েছে তার। উগ্র বক্তব্যের জন্যও পরিচিত হামজা। লিখেছেন একাধিক বইও। তাতে জঙ্গি মতাদর্শের কথা তাতে লেখা হয়েছে। এর পাশাপাশি জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ এবং নতুন জঙ্গি নিয়োগের ক্ষেত্রেও তার নাম সামনে এসেছে। ইতিমধ্যেই আমেরিকা তাকে নিষিদ্ধ জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করেছে।