


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে রাজ্যজুড়ে প্রায় ৩৫ লক্ষ জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নিচ্ছে নবান্ন। এই কর্মসূচি সফল করতে জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে আলাদাভাবে অর্থ বরাদ্দও করছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রতিটি জেলা এবং সাতটি বড়ো পুরসভার জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ হচ্ছে। প্রতিটি মহকুমার জন্য ৫০ হাজার টাকা, বাকি পুরসভা এবং ব্লকের জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ৯ থেকে ১৭ আগস্ট গোটা রাজ্যে পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। ইতিমধ্যে প্রত্যেক জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিককে চিঠি পাঠিয়ে রাজ্যের এই উদ্যোগ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন। নির্দেশিকা অনুযায়ী, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য প্রতিটি জেলা এবং কলকাতা পুরসভা এলাকার জন্য কেন্দ্রীয়ভাবে ১ লক্ষ ৫০ হাজার করে জাতীয় পতাকা সরবরাহ করা হবে। কালিম্পং জেলাকে দেওয়া হবে ২০ হাজার জাতীয় পতাকা।
তবে শুধু বিলি করলেই হবে না! জাতীয় পতাকা প্রদর্শনে উৎসাহিত করতে একাধিক কর্মসূচি গ্রহণ করবে জেলা প্রশাসন। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দপ্তর, জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভা স্তরে বড়ো আকারে তিরঙ্গা র্যালি ও প্রভাতফেরির আয়োজন করা হবে। পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ই-বাইক র্যালি করার কথাও বলা হয়েছে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের বাণী এবং জাতীয় গীত ‘বন্দে মাতরম’-এর অংশ উল্লেখ করে গ্রাফিতি করা হবে। জনবহুল এলাকায় বড়ো আকারে তিরঙ্গা-থিমের রঙ্গোলি তৈরিতে উৎসাহ দেওয়া হবে। কর্মসূচি শেষ হওয়ার পর প্রতিটি দপ্তর ও প্রশাসনিক ইউনিটকে বিস্তারিত রিপোর্ট, ছবি, তিরঙ্গার সঙ্গে সেলফি এবং ভিডিয়ো ডকুমেন্টেশন পাঠাতে হবে তথ্য ও সংস্কৃতি দপ্তরে।