


আমস্টেলভিন: ওয়েলশকে ৩-১ গোলে হারিয়ে দারুণভাবে হকি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত ব্রিগেডের সামনে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-১ গোলে বশ মানিয়েছে ইংরেজ বাহিনী। গোলপার্থক্যে তারাই আপাতত গ্রুপের শীর্ষে। ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উল্লেখ্য, আগামী ১৯ আগস্ট হকি বিশ্বকাপের মহারণ। ভারত-পাকিস্তান ডুয়েল ঘিরে উন্মাদনা চরমে। যে কোনও মঞ্চেই এই দুই দেশ মুখোমুখি হওয়া মানে বক্স অফিসে ধুন্ধুমার। তাই মেগা লড়াইয়ের আগে ইংল্যান্ডকে হারাতে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে ক্রেগ ফুলটনের দল। বিশ্ব হকিতে ৩ নম্বরে রয়েছে ইংল্যান্ড। পাঁচধাপ পিছিয়ে ভারত। অধিনায়ক হরমনপ্রীতের মন্তব্য, ‘আমরা তৈরি। ইংল্যান্ডের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়েছেন কোচ। সবার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। এই ম্যাচটা জিততেই হবে।’
একই সঙ্গে চলছে মহিলাদের বিশ্বকাপও। রবিবার চীনকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ ভারত। প্যারিস ওলিম্পিকসে রুপোজয়ীদের বিরুদ্ধে ২-২ ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু সালিমা-ব্রিগেডের। ৮ মিনিটে নবনীতের গোলে লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। ১৫ মিনিটে চীনকে সমতায় ফেরান জাং ইং। ২৬ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। লক্ষ্যভেদে সফল দীপিকা। এই পর্বে মনে হচ্ছিল, জিতেই মাঠ ছাড়বে ভারতীয় প্রমীলা বাহিনী। তবে ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মা- নিংয়ের গোলে আবারও সমতায় ফেরে চীন।
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ শুরু
সন্ধ্যা ৬-৩০ মিনিটে। সরাসরি
সম্প্রচার স্টার স্পোর্টসে।