


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে বড় ধাক্কা কংগ্রেসের। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা বিভ্রান্তিকর, অভিযোগ তুলে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সেই মামলা খারিজ করে দিল।
প্রদেশ কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল, নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথ নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রার্থী ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেছেন, অথচ তাঁর জন্মসাল ১৯৬৬! স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জন্মের আগেই কীভাবে তিনি মাধ্যমিক পাস করলেন? এই বয়সের গরমিল তুলে হাসিরানির মনোনয়ন বাতিলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস।
এদিন এই মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন, এই বিষয়ে অভিযোগ জানানোর ক্ষেত্রে মামলাকারীর কোনও আইনি অধিকারই নেই। তাছাড়া গত ১৭ সেপ্টেম্বরই উপনির্বাচনের স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। সেই সময়ে আপত্তি তোলা হলে তা বৈধ হতো, কিন্তু এখন প্রশ্ন তোলার কোনও অধিকার মামলাকারীর নেই।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সমস্ত পক্ষের সওয়াল-জবাব শেষ হওয়ার পর রায় স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। আজ, শুক্রবার সেই আর্জি সম্পূর্ণ খারিজ করে দিল উচ্চ আদালত।