


গুয়াহাটি: মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক ঘৃণাভাষণ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে এমনই অভিযোগে গুয়াহাটি হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার হিমন্তকে নোটিস দিল আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেবচৌধুরির ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে, ‘অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিভেদের প্রবণতা ফুটে উঠছে।’ এদিন কেন্দ্র ও অসম সরকারের জবাবও তলব করেছে হাইকোর্ট। আগামী এপ্রিলে ফের এই মামলার শুনানি হবে। সাম্প্রতিক সময়ে হিমন্তের বিরুদ্ধে একাধিকবার মুসলিমদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই অসম বিজেপির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, দুজন মুসলিম ব্যক্তিকে বন্দুকের নিশানা করছেন হিমন্ত। বিতর্কের পরিপ্রেক্ষিতে ভিডিয়োটি সরিয়ে দেওয়া হয়। এরইমধ্যে হিমন্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। কিন্তু শীর্ষ আদালত গুয়াহাটি হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়। আবেদনকারীদের তরফে আইনজীবী অভিষেক সিংভি এদিন দাবি করেন, হিমন্ত একজন স্বভাবগত অপরাধী এবং তাঁর মন্তব্যের প্রভাব সারা দেশেই পড়ছে।
হিমন্তের বিরুদ্ধে আলাদা আলাদা পিটিশন জমা দিয়েছিল সিপিএম এবং সিপিআই নেত্রী অ্যানি রাজা। ওই পিটিশনে ঘৃণাভাষণের জন্য হিমন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং বিশেষ তদন্তকারী টিম গঠনের আবেদন করা হয়েছে।