


নিজস্ব প্রতিনিধি, তমলুক: প্রায় ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নন্দীগ্রাম বাইপাস সংস্কারে উদ্যোগী হল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)। ৩৫০ মিটার ওই রাস্তায় কংক্রিটের পেভার ব্লক বসানো হবে। নন্দীগ্রাম-১ ব্লক হেডকোয়ার্টারে যাতায়াতের জন্য অধিকাংশ মানুষ ওই বাইপাস রোড ব্যবহার করেন। মাত্র ৩৫০ মিটার ওই রাস্তা পেরতে গিয়ে কার্যত নরক যন্ত্রণা ভোগ করতে হত। মাস তিনেক আগে প্রায় আট লক্ষ টাকা খরচে তাপ্পি মারার কাজ হলেও বৃষ্টিতে ফের আগের বেহাল অবস্থা ফিরে এসেছে। খানাখন্দে ভরা ওই বাইপাস রোডে দুর্ভোগের শেষ নেই। রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত। হামেশাই দুর্ঘটনা ঘটছে। নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর, সামসাবাদ, সোনাচূড়া, গোকুলনগর এবং খেজুরির বহু মানুষ ওই বাইপাস রোড বরাবর নন্দীগ্রামে আসা-যাওয়া করে। অবশেষে ওই বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে এইচডিএ।
গত ১০ অক্টোবর এইচডিএ থেকে ওই রাস্তা মেরামতের জন্য টেন্ডার ডাকা হয়। এজন্য ৬৫ লক্ষ ৯১ হাজার ৫৬৪টাকা বরাদ্দ করা হয়েছে। ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার চার মাসের মধ্যে রাস্তার কাজ শেষ করার টার্গেট রাখা হয়েছে। এরপর পাঁচ বছরের রক্ষণাবেক্ষণ করবে এজেন্সি। ৩০ অক্টোবর টেন্ডার জমা করার শেষ তারিখ। তারপরই ওয়ার্ক অর্ডার ইস্যু করে কাজ শুরু হবে। নন্দীগ্রাম বাইপাস রোড মাত্র ৩৫০ মিটার দীর্ঘ হলেও এর গুরুত্ব অনেক। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বাইপাস রোডের গুরুত্ব বিবেচনা করে এটি নির্মাণ করা হয়। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেই রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছিল। এইচডিএর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিবেকানন্দ মুদি বলেন, নন্দীগ্রাম বাইপাস রোড মেরামতের জন্য টেন্ডার ডাকা হয়েছে।