


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকা মেয়ো হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। অভিযোগ ছিল, এই হাসপাতাল নাকি হস্টেলে পরিণত হয়েছে। বেশ কিছু ছাত্র-ছাত্রী ওখানে রাত্রে বেলা থাকে। হাসপাতালকে ঘর বানিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। হাসপাতাল ঘুরে দেখেন তাঁরা। মন্ত্রীর অভিযোগ, হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায় করোনাকালে কেনা প্রচুর যন্ত্রপাতি বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। প্লাস্টিক পর্যন্ত খোলা হয়নি। ঘটনাস্থলে ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস। এত টাকা খরচ করে কেনা জিনিস কেন এভাবে ফেলে রাখা হয়েছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, প্রিন্সিপালের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রিন্সিপালকে সকলের সামনেই ভর্ৎসনা করেন শারদ্বতবাবু। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানাবেন।
হাসপাতাল পরিদর্শনে দুই মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পূর্ণিমা চক্রবর্তী।-নিজস্ব চিত্র