


নাগোয়া: ১৯ সেপ্টেম্বর শুরু এশিয়ান গেমস। তার আগে বিপাকে জাপানের শহর নাগোয়া। মঙ্গলবার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আয়োজক শহরে। বহু বাড়ি ও রাস্তা ইতিমধ্যেই জলের তলায়। তার ফলে অসুবিধায় পড়ছেন এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ৪০০ জন অ্যাথলিট। তাঁদের অবস্থা বেশ শোচনীয়। প্রথমে তাঁদের জাহাজের কন্টেনারে তৈরি করা অস্থায়ী ছাউনিতে রাখা হয়েছিল। বৃষ্টির পরিমাণ বাড়ায় পরে তাঁদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবুও দুর্ভোগ কমেনি। কারণ বেশ কিছু খেলোয়াড়ের ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তবে নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়ার আশ্বাস, ‘গেমসের জন্য আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি। নিকাশি ব্যবস্থাও ভালো। বৃষ্টি থামলেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।’