


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় বেশি মাত্রায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবারের মতো আজ, রবিবারও কোনো কোনো এলাকায় মাত্রাতিরিক্ত হারে বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি থাকছে। মঙ্গলবার থেকে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে। কারণ, পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেটি নিম্নচাপে পরিণত হবে কি না, এখনও নিশ্চিত নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া আগের নিম্নচাপটি শনিবার আরও দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়। সেটির অবস্থান ছিল রাজ্যের পশ্চিমাঞ্চল ও লাগোয়া ঝাড়খণ্ডের উপর। উত্তর বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর আছে। পাঞ্জাব থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ ছুঁয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। তাহলেও আগামী কয়েকদিন বেশি পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী-অতিভারী থেকে মাত্রাতিরিক্ত বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সোমবারও এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ থাকছে।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার অনেক জায়গায় ১০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ১৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আলিপুরদুয়ার জেলার জয়বীরপাড়া ও রায়ঢাক চা বাগানে। দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি (৫০ মিমি) হয়েছে সিউড়িতে। মুর্শিদাবাদের আমতলাতে ৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য মঙ্গলবার থেকে দু’-তিন দিন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। এটি কতটা শক্তিশালী হয়, তার ভিত্তিতে পরবর্তী সময়ে আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিন সাতেক পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতে বর্ষা সক্রিয় থাকবে। পশ্চিম-মধ্য ও দক্ষিণ ভারতে বৃষ্টি আপাতত কম হবে।