


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহের মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির ঘটনায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে মোথাবাড়ি মামলার শুনানি ছিল। নির্দেশমতো এদিন গোটা ঘটনায় রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। তবে শুনানির সময়ে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, ‘চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করতে পারে। বেলডাঙার ঘটনাতেও আমরা আদালতে জানিয়েছিলাম। রাজ্য সরকার বলছে, এখানে আমাদের ভূমিকা নেই। এটা ঠিক নয়। এটা খুব সিরিয়াস ইস্যু।’ডিজে বাজানোকে কেন্দ্র করে গত সোমবার থেকে অশান্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে। দোকান এবং গাড়িতে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পাল্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এই ঘটনায় ছ’টি মামলা রুজু করেছে পুলিস। গত শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ঘটনাটি স্পর্শকাতর। নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। বিচারপতিরা এও বলেন যে, ‘এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না।’
কিন্তু এদিনের শুনানিতে কেন্দ্রের তরফে এএসজি সওয়াল করেন, ‘চাইলে মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। এরপরই কেন্দ্রকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।’