


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তথ্য ছাড়াই একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে বড়োসড়ো জরিমানার হুঁশিয়ারি দিয়েছিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। এবার বাস্তবে সেটাই কার্যকর হল। আক্রোশবশত সাধারণ একটি মামলাকে ‘জনস্বার্থ’ হিসাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছিল। সব তথ্য সামনে আসতেই এবার মামালকারীকে ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের মামলাগুলিতে সওয়াল-জবাব করার ক্ষেত্রে আইনজীবীদেও সতর্ক হতে বলেছে আদালত।
সম্প্রতি ওই মামলার শুনানিতে দাবি করা হয়, ব্যক্তিগত জমি থাকা সত্ত্বেও এক মহিলাকে সরকারি জমির পাট্টা দেওয়া হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ কী? তিনি তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন কি না, তাও জানতে চায় আদালত। কিন্তু অভিযোগের সপক্ষে কোনো তথ্য পেশ করতে পারেননি মামলাকারী। এরপর বেঞ্চ সামনে তথ্য উঠে আসে, যে মহিলার বিরুদ্ধে অভিযোগ, তাঁর সঙ্গেই জমি সংক্রান্ত বিবাদ রয়েছে মামলাকারীর। এই তথ্য জানার পরই মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করে বেঞ্চ। পরবর্তীতে আইনজীবীর অনুরোধে তা কমিয়ে ২৫ হাজার করা হয়।