


মুম্বই: কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করলে কাউকে তাঁর এলাকা থেকে তাড়িয়ে দেওয়া যায় না। বৃহস্পতিবার একটি মামলায় এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট। আদালত বলেছে, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে বা নিছক স্লোগান দিলে কারও বিরুদ্ধে এলাকাছাড়া (এক্সটার্নমেন্ট) করার অর্ডার জারি করা ঠিক নয়। সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই)-র সাধারণ সম্পাদক সইদ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরীর বিরুদ্ধে ওই এক্সটার্নমেন্ট অর্ডার জারি করেছিল প্রশাসন। জ্ঞানবাপী মসজিদ থেকে সিএএ— একাধিক ইস্যুতে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ওয়াহিদ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের ভিত্তিতে ওই এক্সটার্নমেন্ট অর্ডার জারি হয়। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওয়াহিদ। এদিন মামলার শুনানিতে সেই অর্ডার খারিজ করে বিচারপতি মাধব জামদার বলেন, ‘এটা কী হচ্ছে? সরকারের দাস বানিয়ে রাখার চেষ্টা হচ্ছে নাগরিকদের... তাঁরা মুখ খুলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। মনে রাখবেন, নাগরিকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে।