


গুয়াহাটি, ১৪ এপ্রিল: অসমে ভোটের আবহ কাটাতে না কাটতেই মানহানির মামলা খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। ন্যাশনাল কমিশন ফর উইমেন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই অভিযোগের নেপথ্যে সুজাতা গুরুং চৌধুরী। তিনি গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রের অসম জাতীয় পরিষদ প্রার্থী কুংকি চৌধুরীর মা। তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করেছেন তিনি।
তিনি তাঁর অভিযোগ হিসাবে জানান, 'তিনি একজন সম্পূর্ণ সাধারণ মানুষ। সক্রিয় রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। শুধুমাত্র তাঁর মেয়ে প্রার্থী বলেই তাঁকে জনসমক্ষে টেনে আনা হচ্ছে'। তিনি উল্লেখ করেন, নির্বাচনি প্রচারের সময় মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, তিনি পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল, অ্যান্টি-ন্যাশনাল ব্যক্তিদের সমর্থন করেন। এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন সুজাতা চৌধুরী। এগুলি তাঁর ব্যক্তিগত সম্মান নষ্ট করার পাশাপাশি তাঁর মেয়ের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই করা হয়েছে বলেই দাবি করেন সুজাতা। অভিযোগে আরও বলা হয়েছে, এই ঘটনার পর তাঁর ব্যক্তিগত ছবি, এমনকি তাঁর সন্তানের ছবিও অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁকে লক্ষ্য করে অনলাইন হেনস্থা, ট্রোলিং এবং চরিত্রহননের ঘটনাও ঘটছে। এমনকি কিছু ক্ষেত্রে বিকৃত ও এআই-নির্মিত ছবিও ছড়ানো হয়েছে বলে অভিযোগ।
উল্লেখ্য, অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে গত ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৪ মে ভোট গণনা। গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুংকি চৌধুরী।