


গুয়াহাটি: প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উজান অসমের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ত্রাণ ও ক্ষতিপূরণের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বাসভবন ঘেরাও করল রাইজর দল।
এদিন গুয়াহাটির মিনিস্টার্স কলোনিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা কালো পতাকা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর, চরাইদেও এবং জোরহাট জেলায় মানুষের জন্য আর্থিক সাহায্যের দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি, বন্যার সঠিক কারণ জানতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। এদিনের বিক্ষোভ ঘিরে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। আন্দোলনকারীরা হিমন্তের বাসভবনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের পথ আটকায়। শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাইকিয়া এবং রাইজর দলের শীর্ষনেতা ধৈর্য কোঁয়ার।